সিরিয়ায় বিদ্রোহীদের দখলকৃত ইদলিব প্রদেশে একটি প্রসূতি হাসপাতালে বিমান হামলার ঘটনায় অন্তত ২ জন মারা গেছে । শুক্রবার ওই হামলায় হাসপাতালটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন।
সিরিয়ায় যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সরকারি বাহিনী হাসপাতাল ও পাশের একটি বেসামরিক ভবনে হামলা চালিয়েছে।সেভ দ্য চিলড্রেনের মুখপাত্র জানিয়েছেন, ভয়াবহ এ হামলায় কমপক্ষে ২ জন নিহত ও বেশকিছু লোক আহত হয়েছেন।
দাতব্য সংস্থাটি জানিয়েছে, শিশুদের ইনকিউবেটর মেঝেতে পড়ে ভেঙ্গে যাওয়ায় বেশকিছু নবজাতক আহত হয়েছে এবং এক গর্ভবতী নারীর পা ভেঙ্গে গেছে।
ওই মুখপাত্র আরো জানান, হাসপাতালটি ইদলিবের কাফির তাখারিম এলাকায় অবস্থিত। আশপাশের ৭০ মাইলের মধ্যে এটিই একমাত্র প্রসূতি হাসপাতাল।প্রতি মাসে প্রায় ১ হাজার ৩০০ নারী ও শিশু হাসপাতালটি থেকে সেবা গ্রহণ করে। গত মাসে ৩৪০ শিশুর জন্ম হয়েছে এখানে।
সেভ দ্য চিলড্রেনের সিরিয়ার পরিচালক সোনিয়া খুশ এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।তিনি বলেন, ‘এর কোনো অজুহাত নেই এবং দুর্ভাগ্যজনকভাবে সিরিয়ায় স্বাস্থ্যসেবাকেন্দ্রগুলোতে যে হামলা চালানো হয়, এটা তার মধ্যে সর্বশেষ হামলা। আমরা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ এ হামলার নিন্দা জানাই। সিরিয়ায় আমাদের দ্রুত যুদ্ধবিরতি প্রয়োজন এবং আমরা চিকিৎসা সেবাকেন্দ্রগুলোতে বোমা হামলা না চালানোর আহ্বান জানাচ্ছি।’
জেড





