ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ জোরালো ভাষায় বলেছেন, বিরোধী রিপাবলিকান দল নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেস যদি নতুন করে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে পাল্টা ব্যবস্থা নেয়া হবে।
তিনি জানান, মার্কিন কংগ্রেসের পদক্ষেপের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ইরানের জাতীয় সংসদ। নিষেধাজ্ঞার জবাবে ইরানের পদক্ষেপ হবে পরমাণু কর্মসূচিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা আবারো বাড়িয়ে দেয়া বলে তিনি জানান।
সুইজার্যলান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক প্যানেল বিতর্কে শুক্রবার জাওয়াদ জারিফ এসব কথা বলেছেন।
জারিফ বলেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে যে চুক্তি হতে যাচ্ছে তা যদি কেউ বানচাল করে দেয়, এমনকি সে যদি মার্কিন কংগ্রেস হয় তাহলেও তারা বিশ্ব থেকে একঘরে হয়ে যাবে। এ সময় তিনি জোর দিয়ে বলেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে একটি চূড়ান্ত এবং পূর্ণাঙ্গ চুক্তি হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
জেডআই





