ভূপৃষ্ঠের কাছাকাছি দিয়ে উড়ে যাওয়া হালকা ড্রোন ভূপাতিত করার লেজার অস্ত্র তৈরি করেছে চীন। চায়না একাডেমি অব ইঞ্জিনিয়ারিং ফিজিক্স বা সিএইপি’র বরাত দিয়ে চীনের সরকারি বার্তা সংস্থা শিনহুয়া এ খবর দিয়েছে।
এ যন্ত্রটি যেখানে স্থাপন করা থাকবে তার দুই কিলোমিটারের মধ্য দিয়ে উড়ে যাওয়া হালকা বিমান বা ড্রোন এটি ভূপাতিত করতে পারবে। লক্ষ্যবস্তু শনাক্ত করার মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যেই তা ভূপাতিত করা যাবে বলে জানানো হয়েছে।
৫০০ মিটার উঁচু দিয়ে সেকেন্ডে ৫০ মিটার বা ঘণ্টায় ১১২ মাইল বেগে ছুটে আসা হালকা বিমান বা ড্রোন এ অস্ত্র দিয়ে ভূপাতিত করা যাবে। সিএইপি’র আওতাধীন একটি প্রযুক্তি কোম্পানির বরাত দিয়ে এ খবরে বলা হয়েছে, ক্ষুদ্রাকৃতির চালকবিহীন ড্রোন তুলনামূলকভাবে দামে সস্তা এবং সন্ত্রাসীরা এগুলো বানাতে বা ব্যবহার করতে পারে। এ জাতীয় ড্রোন ধ্বংস করতে স্নাইপার বা হেলিকপ্টার ব্যবহার করা হয়। তবে এ দু'য়ের কোনোটিই তেমন কার্যকর নয়। ফলে মারাত্মক ক্ষয়ক্ষতির আশংকা থেকেই যাচ্ছে।
কিন্তু সিএইপি বলেছে, সম্প্রতি এক পরীক্ষায় দেখা গেছে, গাড়িতে বসানো চীনের তৈরি লেজার অস্ত্রটি দিয়ে ৩০টির বেশি ড্রোন ধ্বংস করা গেছে। এক্ষেত্রে সাফল্যের হার শতভাগ।
জেআই





