আমেরিকার শীর্ষস্থানীয় সেনা কমান্ডার জেনারেল জোসেফ ডানফোল্ড বলেছেন, আমেরিকার নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছে রাশিয়া। তিনি মার্কিন কংগ্রেসের আর্মড সার্ভিস কমিটিকে এ কথা বলেছেন।

মার্কিন সেনাপ্রধান পদপ্রার্থী এই কর্মকর্তা দাবি করেন, সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র চেয়ে বড় হুমকি হয়ে দেখা দিয়েছে মস্কো। তার ভাষায়, রুশ আগ্রাসন মোকাবেলার জন্য ইউক্রেনে ভারি অস্ত্র-শস্ত্র পাঠানো যুক্তিসঙ্গত হবে। মার্কিন মেরিন কোরের কমান্ডারের দায়িত্বে নিয়োজিত জেনারেল ডানফোল্ড বলেন, যদি কোনো দেশকে এখন আমেরিকার হুমকি বলে মনে করা হয় তবে তা হবে রাশিয়া। এ ছাড়া, রাশিয়ার আচরণকে আমেরিকার জন্য আতঙ্কজনক বলেও দাবি করেন তিনি।

পরাশক্তি রাশিয়া ইউরোপের মার্কিন মিত্রদের সার্বভৌমত্ব লঙ্ঘনের ক্ষমতা রাখেন বলেও দাবি করেন ডানফোল্ড।

অবশ্য সম্পর্কের ক্ষেত্রে বিরাজমান চ্যালেঞ্জ সত্ত্বেও রুশ সেনাবাহিনীর সঙ্গে মার্কিন সেনাবাহিনীর সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। ডানফোল্ড বলেন, ভুল বোঝাবুঝির থেকে রক্ষা পাওয়ার জন্য এটি গুরুত্বপূর্ণ।সূত্র:রেডিও তেহরান


এমআর