চীনে সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিওভুক্ত দেশগুলোর এ যাবৎকালের সর্ববৃহৎ সামরিক মহড়া শুরু হয়েছে। এর আগে এসসিওভুক্ত পাঁচ দেশের এতো বিপুল সংখ্যক সেনা, বিমান এবং সামরিক সরঞ্জাম এক জায়গায় মোতায়েনের ঘটনা আর ঘটে নি।

রোববার ২৪ আগস্ট থেকে শুরু হওয়া এ মহড়া ২৯ আগস্ট পর্যন্ত চলবে এবং এতে রাশিয়াসহ এসসিও’র পাঁচটি দেশের ৭,০০০ সেনা কর্মকর্তা অংশ নিয়েছেন। চীনের ইনার মঙ্গোলিয়ায় ‘শান্তি মিশন-২০১৪’ নামের এ মহড়ার উদ্বোধন করেছেন চীনা গণমুক্তি ফৌজের উপ প্রধান ওয়াং নিং।

এবারের মহড়ার মূল প্রতিপাদ্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ এবং মহড়ায় নানা পরিস্থিতি ও পরিবেশে সন্ত্রাসী গোষ্ঠী নির্মূলের অনুশীলন চালাবে আন্তর্জাতিক টাস্ক ফোর্স। পদাতিক ও বিশেষ বাহিনী ছাড়াও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রেডিও ইলেক্ট্রনিক যুদ্ধ ইউনিট এবং বিমান মোতায়েনের মাধ্যমে এ বাহিনীকে জোরদার করা হয়েছে। সন্ত্রাসবাদ নির্মূলে যা কিছু প্রয়োজনীয় তার সবই মহড়ার জন্য মোতায়েন করা হয়েছে। চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরঘিজিস্তান এবং তাজিকিস্তানকে নিয়ে গঠিত হয়েছে সাংহাই সহযোগিতা সংস্থা।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই