ক্রমান্বয়ে বাড়ছে ভারত-পাক সীমান্তের উত্তেজনা৷পাক দূতাবাস কর্মীকে বরখাস্ত দু’পক্ষের সেনাদের হতাহত হওয়ার ঘটনার মাঝেই ফের উত্তেজনা বাড়াল। দিল্লিতে পাক দূতাবাসের কর্মী মেহমুদ আখতারকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বৃহস্পতিবার ভারত থেকে বহিষ্কার করার কথা ঘোষণা করে নয়াদিল্লি। তারপর পাক হাইকমিশনার বাসিত আলিকে ডেকে তীব্র ভর্ৎসনা করে ভারতীয়রা ৷
তাই বলে সহ্য করার মতো পাকিস্তান না। ভারত সরকার এই কঠোর পদক্ষেপ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা জবাব দেয় পাকিস্তান৷ ভারতীয় দূতাবাসের কর্মী সুরজিৎ সিংকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করে ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়৷
ভারতীয় গোয়েন্দাদের বক্তব্য, দিল্লির পাকিস্তানি হাইকমিশনে বসেই ‘ইধার কা মাল উধার’ হয়ে যাচ্ছিল৷ দিল্লির পাক দূতাবাস ঘুরে বিএসএফ ও ভারতীয় সেনাদের বহুবিধ গোপন তথ্য নিয়মিত পাচার হয়ে যাচ্ছিল পাকিস্তানে৷ এর নেপথ্যে ছিল এক পাক দূতাবাস কর্মী৷ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার পাক দূতাবাসের এক ভিসা কর্মীকে আটক করে দিল্লি পুলিশ৷
মেহমুদ আখতার নামে ওই কর্মী এবং তার অনুগত দুই ভারতীয় নাগরিক মৌলানা রমজান এবং সুভাষ জাঙ্গির নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়৷ শেষ দু’জন রাজস্থানের বাসিন্দা এবং পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর বেতনভুক এজেণ্ট৷ এদের নিয়োগ করেছিল আখতার৷ আখতার হল ভারতে নিযুক্ত পাক হাইকমিশনার বাসিত আলির খুব ঘনিষ্ঠ কর্মচারী৷ অন্যদিকে, আদালতে তোলা হলে রমজান ও জাঙ্গিরকে ৮ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন দিল্লির মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট৷
অন্যদিকে, ভারত আখতারকে বহিষ্কার করতেই পাল্টা জবাব দেয় ইসলামাবাদ৷ তারা ভারতীয় হাইকমিশনের কর্মী সুরজিৎ সিংকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করে ৪৮ ঘণ্টার মধ্যে সপরিবার পাকিস্তান ছাড়ার নির্দেশ দিল৷ ভারতীয় হাইকমিশনার গৌতম বামবাওয়ালেকে ডেকে পাক বিদেশমন্ত্রক এই নির্দেশনামা হাতে ধরিয়ে দিয়েছে৷
এবার পুলিশ কী করবে? জবাবে রবীন্দ্র যাদব বলেন, আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এসেছে৷ খুব শীঘ্রই আরও বড় অভিযান চালানো হবে৷ ধরা হবে আরও পাকিস্তানি লোকদের ৷
জেড





