ইসরাইলি সেনাদের গুলিতে অবরুদ্ধ গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি পবিত্র বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে যে স্বীকৃতি দিয়েছেন তার প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এ দুই ফিলিস্তিনি কিশোর নিহত হলেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা এক বিবৃতিতে বলেছেন, ইসরাইলি সেনাদের গুলিতে গাজা সীমান্তের আল-বুরেইজ শরণার্থী শিবিরের কাছে ১৬ বছর বয়সী আমির আবদুল হামিদ আবু মুশাইদ নামে এক কিশোর মারাত্মকভাবে আহত হন।
ইহুদিবাদী সেনারা তার বুকে গুল করে বলে জানান কিদরা। তাকে গাজার দেইর আল-বালাহ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।
এদিকে, পশ্চিম তীরের নাবলুস শহরে একদল বিক্ষোভকারীর ওপর ইহুদিবাদী সেনারা গুলি চালালে আলী ওমর নিমর কিনো নামে ১৭ বছরের এক তরুণ নিহত হন।
গত ৬ ডিসেম্বর ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর এ পর্যন্ত ইসরাইলি সেনাদের হাতে প্রায় ২০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
এমবি





