উত্তর কোরিয়া রোববার সন্ধ্যায় আরও ২৫টি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সিউলের সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিট থেকে রাত ৯টা ৩২ মিনিট পর্যন্ত সময়সীমার মধ্যে তিন দফায় পূর্ব দিকের সমুদ্রাঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রগুলো উত্ক্ষেপণ করা হয়। উত্ক্ষেপিত ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ৭০ কিলোমিটার এবং এগুলো ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য 'ফ্রগ' ক্ষেপণাস্ত্র বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক মহড়ার পাল্টা ব্যবস্থা হিসেবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গত ২১ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্তও এ ধরনের বেশ কয়েকটি পরীক্ষা চালায় দেশটি।
দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়ার একটি অংশ গত ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৬ মার্চ শেষ হয়েছে এবং বাকি অংশ আগামী ১৮ এপ্রিল পর্যন্ত চলবে। উত্তর কোরিয়া বার বার এ ধরনের মহড়া বন্ধের দাবি জানিয়ে এসেছে।
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডিডটকম) ইএইচ[/b]