যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচিত ডোনাল্ড ট্রাম্পকে অসাধারণ ও মেধাবী মানুষ হিসেবে আখ্যা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে তার বিতর্কিত ও উগ্রবাদী মন্তব্যের জন্য বৃটেনসহ বিভিন্ন দেশে তার প্রবেশে নিষেধাজ্ঞার দাবি উঠেছে তখন পুতিনের এমন মন্তব্যে বিস্মিত হয়েছেন বিশ্ববাসী।

স্থানীয় সময় বৃহস্পতিবার ক্রেমলিনে রাশিয়ায় বার্ষিক দাফতরিক সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের কাছে পুতিন এ কথা বলেন।

এএফপির খবরে বলা হয়, বার্ষিক সংবাদ সম্মেলনের পর দেয়া বক্তব্যে রাশিয়া নিয়ে ট্রাম্পের মনোভাবকে স্বাগত জানান পুতিন। তিনি বলেন, ‘তিনি (ট্রাম্প) খুবই অসাধারণ মানুষ, প্রশ্নাতীতভাবে মেধাবী।’ পুতিন বলেন, আগামীতে যিনিই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হোন না কেন, রাশিয়া তার সঙ্গে কাজ করবে।

এদিকে ট্রাম্পের মুখেও পুতিনের গুণগান শোনা যাচ্ছে। বুধবার এক নির্বাচনী প্রচারণায় পুতিনের ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। ওবামার পররাষ্ট্র নীতির সমালোচনা করে তিনি বলেন, আমি পুতিনের কাছে যাব। অন্যদের কাছেও যাব। আমার ধারণা আমরা আরও স্থিতিশীল একটি বিশ্ব গড়তে পারব।

ট্রাম্পের মন্তব্যের সূত্র ধরেই এদিন তার গুণকীর্তন করলেন পুতিন। এসব সমালোচনার মধ্যে পুতিনের ইতিবাচক বক্তব্য আগামী দিনে গণমাধ্যমগুলোতে ব্যাপক আলোচিত হবে বলেই ধরে নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তুরস্কের সঙ্গে রাশিয়ার সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা নেই। সিরিয়ার সীমান্তে তুরস্ক যা করেছে তা সম্পূর্ণ শত্রুতামূলক কাজ।

সংবাদ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের ১ হাজার ৪০০ সাংবাদিক অংশ নেন। এ সময় তিনি কঠোর ভাষায় তুরস্কের সমালোচনা করেন। সংবাদ সম্মেলনে তিনি রাশিয়ার অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনার চিত্রও তুলে ধরেন।

ব্রিটিশ সাংবাদিক জন সিম্পসন পুতিনের কাছে জানতে চান রাশিয়ার আগ্রাসনের কারণে আমেরিকা ও ইউরোপের সঙ্গে মস্কোর সম্পর্কের অবনতি হয়েছে কিনা।

জবাবে পুতিন বলেন, ‘রাজনৈতিক বিবেচনায় আমরা কারও ওপর হামলা চালাচ্ছি না। আমরা শুধু আমাদের স্বার্থ রক্ষা করছি। সেখান থেকেই পশ্চিমাদের বিশেষ করে আমেরিকার অসন্তুষ্টি তৈরি হয়েছে।’

কেবি