ভারতের রাজধানী দিল্লির একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাশ করার পাশাপাশি স্কুল গেটে দারোয়ানের দায়িত্ব পালন করছে।
স্কুল কর্তৃপক্ষ বলছে, দারোয়ান ছুটিতে আছে। তাই শিক্ষার্থীদের গেটে দায়িত্ব পালন করতে হচ্ছে।
এনডি টিভির খবরে বলা হয়, পশ্চিম দিল্লির রামজাস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দারোয়ানের অনুপস্থিতিতে গেটে দায়িত্ব পালন করছে। ঘটনাস্থলে সাংবাদিক উপস্থিত হলে গেটে দায়িত্বপালনকারী ২ শিক্ষার্থীর মধ্যে একজন বলেন, আমাদের দায়িত্বপালন করার একটি তালিকা রয়েছে। সেই তালিকা অনুসারে আজকে আমি গেটে দাড়িয়েছি।
এনডি টিভির ক্যামেরা দেখে একজন কর্মচারী দৌড়ে আসেন এবং ছাত্র দু'জনকে ক্লাশে চলে যেতে বলেন। তিনি বলতে থাকেন, " না,না... ছেলেদেরকে গেটে দাড়াতে বলা হয় না। আমার কিছু কাজ ছিল, তাই আমি তাদের একজনকে ৫ মিনিটের জন্য দাড়াতে বলেছিলাম।"
তবে, ছাত্রদেরকে দিয়ে গেটে দায়িত্ব পালন করানোর বিষয়টি স্বীকার করেছেন স্কুলের প্রিন্সিপাল সিপি কথিয়াল। তিনি বলেছেন, অন্য শিক্ষার্থীরা যাতে ক্লাসের সময় বাইরে বের হতে না পারে, সেজন্য ২ জন ছাত্রকে মাত্র ৫ মিনিটের জন্য গেটে দাড় করানো হয়।
ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই





