ইরানের বিরুদ্ধে আরোপ করা সব নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার মাধ্যমে আলোচনা শুরুর প্রথম পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত বলে ঘোষণার দেয়ার একদিন পর মঙ্গলবার রুহানি এমন দাবি করেন।-খবর এএফপির

রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে অবৈধ, অন্যায় ও ভুল নিষেধাজ্ঞা থেকে সরে আসার মাধ্যমে সেই পদক্ষেপ নিতে হবে।

রুহানি বলেন, ইতিবাচক পরিবর্তনের মূল চাবি ওয়াশিংটনের হাতে। কারণ যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বেশি হতাশ করা পরমাণু অস্ত্র প্রকল্প থেকে ইতিমধ্যে সরে এসেছে ইরান।

‘যদি সত্যিকার এটিই হয় আমার একমাত্র উদ্বেগ, তবে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিইর একটি ফতোয়ার মাধ্যমে সেই উদ্বেগ ইতিমধ্যে দূর করা হয়েছে।

২০০৩ সালে পরমাণু অস্ত্র প্রযুক্তির বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন খামেনিই। এরপর বিভিন্ন সময় তিনি তার পুনরাবৃত্তি করেছেন।

একটি আবাসিক প্রকল্পের অবকাঠামো নির্মাণ উদ্বোধনে দেয়া ভাষণে রুহানি বলেন, কাজেই আপনি (ট্রাম্প) সেই পদক্ষেপ নেন। এ ছাড়া আলোচনার দুয়ারের বদ্ধ তালা খোলা সম্ভব হবে না।

২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে সই করা পরমাণু চুক্তি যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পর দেশটির বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছেন তিনি।

এসএম