অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার পরমাণু আলোচনা শেষ হয়েছে। তবে, আলোচনার সুনির্দিষ্ট ফলাফল জানা যায়নি।
গত মঙ্গলবার এ বৈঠক শুরু হয় এবং তা চলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত। এবারের বৈঠকে চূড়ান্ত পরমাণু চুক্তির জন্য খসড়া তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
ভিয়েনা বৈঠকে অংশ নেন ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে, ছয় জাতিগোষ্ঠীর পক্ষে অংশ নেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশ্টোনের সহযোগীরা। এ ছাড়া, দু পক্ষের বিশেষজ্ঞ পর্যায়ের কর্মকর্তারাও এতে অংশ নেন। এর পাশাপাশি ভিয়েনায় জাওয়াদ জারিফ ও ক্যাথেরিন অ্যাশ্টোনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, ইরানের পরমাণু ইস্যুতে দু পক্ষের মধ্যে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ২ জুলাই। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে। সূত্র: আইআরআইবি
ঢাকা, ২০ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ





