পাকিস্তান শনিবার ভোরে জম্মু-কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত বরাবর ২২টি ভারতীয় সীমান্ত রক্ষী (বিএসএফ) চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে সীমান্ত লাগোয়া এলাকার দুই গ্রামবাসী নিহত হয়েছে। আহত হয়েছে আরও সাত জন। আহতদের মধ্যে বিএসএফের এক জওয়ানও রয়েছে।

ভারতীয় সেনা সূত্র জানায়, শনিবার ভোর থেকে জম্মু-কাশ্মীরের আর এস পুরা সেক্টরে বিএসএফের ২২টি সীমান্ত চৌকি এবং সীমান্ত সংলগ্ন ১৩ টি গ্রাম লক্ষ্য করে ব্যাপক গোলা নিক্ষেপ ও গুলিবর্ষণ শুরু করে পাক সেনারা। এ সময় পাক সেনাদের গুলিতে মুহাম্মদ আকরাম এবং তার ছেলে নিহত হয়। আহত হয় আকরামের স্ত্রী, কন্যা-সহ আরও সাত জন।

এরপর সীমান্তবর্তী গ্রামগুলো থেকে বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কাজ শুরু হয়। এ পর্যন্ত প্রায় দুই হাজার লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই