প্রবল বৃষ্টিপাতের এক বিরল ঘটনায় নদীর পানি উপচে জাপানে পূর্বাঞ্চলে হঠাৎ সৃষ্ট বন্যায় অন্ততপক্ষে দুইজন নিখোঁজ ও বহু মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
বন্যার কারণে বৃহস্পতিবার প্রায় এক লাখ মানুষকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
অস্বাভাবিক ব্যাপক বৃষ্টিপাতের কারণে প্রায় ৫০ লাখ মানুষকে ভোরে সতর্ক করেছেন কর্মকর্তারা। এরপর আরো আট লাখ মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
টেলিভিশনে সম্প্রচার করা দৃশ্যে বন্যাকবলিত এলাকাগুলোর ঘরবাড়ির ছাদ থেকে হেলিকপ্টারে করে আটকেপড়াদের উদ্ধার করতে দেখা গেছে।
জাপানের প্রধান দ্বীপ হনশুর কেন্দ্রীয় এলাকা দিয়ে ক্রান্তীয় ঝড় ইতায়ু বয়ে যাওয়ার পর সাধারণত সেপ্টেম্বর মাসে যে পরিমাণ বৃষ্টিপাত হয়, কোনো কোনো এলাকায় ৪৮ ঘণ্টার মধ্যেই তার দ্বিগুণ বৃষ্টিপাত হয়েছে।
ভূমিধসে একটি বাড়ি চাপা পড়ে ৬৩ বছর বয়সী এক বৃদ্ধা নিখোঁজ হন। অপর ঘটনায় টোকিও থেকে ৫৬ কিলোমিটার উত্তরের জোসো টাউনে বন্যার তোড়ে একটি বাড়ি ভেসে গেলে সত্তরেরও বেশি বয়সী একজন বৃদ্ধ বাড়ির সঙ্গে ভেসে যান বলে জানিয়েছে এনএইচকে টেলিভিশন।
প্রত্যাশিত বৃষ্টির বিষয়ে সতর্ক করে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যে কোনো দুর্যোগ মোকাবিলায় সরকার প্রস্তুত আছে বলে আশ্বস্ত করেছেন।
জোসো টাউন ও এর আশপাশে ৪৮ ঘণ্টা ৬০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ফুকুশিমাসহ পূর্বাঞ্চলে আরো অন্ততপক্ষে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়া কর্মকর্তারা।
শুক্রবার বৃষ্টির প্রকোপ কমে আসতে পারে বলে জানিয়েছেন তারা।
জেআই





