আফগানিস্তানের পাকতিকা প্রদেশে মার্কিন বিমান হামলায় আল-কায়েদার আত্মঘাতী বোমা হামলার প্রধান কমান্ডার আবু খলিল আস-সুদানি নিহত হয়েছেন। তার সঙ্গে আরো দুই সন্ত্রাসী মারা গেছে। খবর রেতে।

মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন এ খবর দিয়েছে। এ সম্পর্কে পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, গত ১১ জুলাই এ হামলা চালানো হয়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার যখন অঘোষিতভাবে ইরাক সফর করছেন তখন মার্কিন প্রতিরক্ষা দপ্তর এ খবর দিল। ইরাকে সাংবাদিকদের মাঝে এ বিবৃতি বিতরণ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “আল-কায়েদার যে তিন ব্যক্তি আত্মঘাতী বোমা হামলার মতো সহিংতায় লিপ্ত ছিল সুদানি তার অন্যতম। তার নিহত হওয়ার ফলে বিশ্বব্যাপী সহিংসতা কমবে বলে আশা করা যাচ্ছে।”

পেন্টাগন আস-সুদানিকে আল-কায়েদার শূরা সদস্য হিসেবে পরিচয় দিয়েছে। তিনি আয়মান আল-জাওয়াহেরির ঘনিষ্ঠ সহচর ছিলেন বলে দাবি করছে পেন্টাগন। আমেরিকায় হামলা পরিকল্পনার সঙ্গেও সুদানি সরাসরি জড়িত ছিলেন বলে পেন্টাগন দাবি করেছে। এছাড়া, আফগানিস্তানে মোতায়েন বিদেশি সেনা এবং আফগান ও পাকিস্তানের সেনাদের ওপর মাঝেমধ্যেই হামলা চালাতেন তিনি।

এআই/