পাকিস্তানের সিন্ধ প্রদেশের সুক্কুর জেলায় মঙ্গলবার সকালে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের ‍মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫৬ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ জন নারী ও ১৮ জন শিশু রয়েছে।বাসটি সোয়াত উপত্যকা যাচ্ছিলো। খবর ডননিউজের।

খায়েরপুর সিভিল হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এম জাফর সুম্রো জানান, এ দুর্ঘটনায় অন্তত ৫৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউ'তে নেওয়া হয়েছে।

পুলিশ কর্মকর্তা নাসির আফতাব জানিয়েছে, খাইবার পশতুনখাওয়ার সোয়াত জেলা থেকে করাচিগামী যাত্রীবাহী বাসটি বেশ দ্রুতগতিতে চালাচ্ছিলেন চালক। থেরি বাইপাস এলাকায় আরেকটি যানকে ওভারটেক করতে গেলে অপর দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনার পরপরই জরুরি ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে।

হতাহতদের নিকটস্থ সুক্কুর ও খায়েরপুরের হাসপাতালে নেওয়া হয়েছে।এ ঘটনায় শোক প্রকাশ করেছেন সিন্ধের গভর্নর ডা. ইশরাতুল ইবাদ খান।

ইআর