মালয়েশিয়ার অভিবাসন মন্ত্রণালয় জানিয়েছে গত ৪ মাসে ১৯ হাজার অবৈধ শ্রমিক ও ৪২৭ জন শ্রমিক নিয়োগকর্তাকে আটক করা হয়েছে। সোমবার সারওয়াকে সংবাদ সম্মেলনে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের মহাপরিচালক মোস্তফার আলী জানান,ইকার্ড নিবন্ধন প্রোগ্রাম চলতি বছরের ৩০ জুন শেষ হওয়ার পর ইমিগ্রেশন বিভাগ তাদের আটক করে।

তিনি জানান, আগস্ট ও সেপ্টেম্বরে ৮৫০ এবং অক্টোবরে ১হাজার ৩২৭টি অপারেশন পরিচালনার মধ্য দিয়ে অবৈধ শ্রমিক ও নিয়োগকর্তাদের আটক করা হয়। এর আগে মোস্তফা আলী অবৈধ শ্রমিকদের ই-কার্ড ও রি-হিয়ারিং প্রোগ্রামে নিবন্ধনের জন্য বারবার আহ্বান জানিয়েছেন।তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।

মহাপরিচালক জানান, বিদেশি শ্রমিকরা আমাদের দেশে অবস্থান করছেন টাকা আয়ের জন্য। আমরা চাই এখানে শ্রমিকরা বৈধভাবে কাজ করুক, কিন্তু বারবার বলার পরও তারা বৈধ হচ্ছে না, বরং কর্মস্থলে আটক হচ্ছে। এর জন্য শ্রমিকরাই দায়ী।

উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ৩০ জুন পর্যন্ত দেশটিতে অবৈধভাবে বসবাসরত বিদেশি শ্রমিকদের ই-কার্ডের মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ দেয়া হলেও এ সুযোগ গ্রহণে ব্যর্থ হয়েছেন বেশির ভাগ বিদেশি শ্রমিক।
বৈধ হওয়ার সুযোগ নেয়া শ্রমিকের হার মাত্র ৩০ শতাংশ। এখনও মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করছেন প্রায় ৩ লাখ বিদেশি শ্রমিক।

জারিফ