ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা তদন্তে ভুমিকা রাখতে পারায় যুক্তরাষ্ট্র খুবই সন্তুষ্ট বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সেদেশের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট।
মঙ্গলবার রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রশিক্ষণ চত্বরে অনুষ্ঠিত এক কর্মসূচিতে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বার্নিকাট এ কথা বলেন।
অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িত আসল খুনি ধরা পড়বে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বার্নিকাট বলেন, ‘আমরা খুবই সন্তুষ্ট যে তদন্তে আমরা একটা ভূমিকা রাখতে পেরেছি। আশা করছি, শেষ পর্যন্ত সত্য উদঘাটন হবে।’
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘অভিজিৎ হত্যা মামলার তদন্তকাজ বাংলাদেশ ও আমেরিকায় করা হচ্ছে। এফবিআই ল্যাবে অভিজিৎ হত্যার আলামত পরীক্ষার কাজ প্রায় শেষ পর্যায়ে। জানা গেছে সেই তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। ওই প্রতিবেদন এলে মূল আসামিদের ধরা সহজ হবে।’
জিএসপি সুবিধার কথা জানতে চাইলে বার্নিকাট বলেন, ‘এ ব্যাপারে উভয় দেশই কাজ করছে। কিছু প্রতিবন্ধকতা রয়েছে, এগুলো কেটে গেলে জিএসপি ফিরে পাওয়ার আশাবাদী।’
এমএইচ





