খালেদা জিয়ার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা থেকে সরকার সরে না দাঁড়ালে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুমকি দিয়েছেন নিউইয়র্কস্থ ‘শফিক-মাহমুদুর-শওকত মুক্তি পরিষদ’র আহবায়ক পারভেজ সাজ্জাদ এবং সদস্য-সচিব এম এ খালেক। তারা বলেন, ‘১/১১ তে ক্ষমতা গ্রহণকারী সেনা সমর্থিত কেয়ারটেকার সরকার হঠানোর আন্দোলনের চেয়েও আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
গত ১৪ মে এক বিবৃতিতে সাজ্জাদ ও খালেক উল্লেখ করেছেন, ‘গণতান্ত্রিক আন্দোলনের শীর্ষ নেত্রী এবং ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সরকার হিংসাত্মক আচরণ শুরু করেছে। রাজনৈতিক প্রতিহিংসাপরায়ন ভাবে ৮২ বছর বয়সী সম্পাদক শফিক রেহমানকে জেলে নেয়া হয়েছে। এ ধরনের বর্বর আচরণের মাধ্যমে শেখ হাসিনার সরকার বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসনে পাঠানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’
বিবৃতিতে অবিলম্বে শফিক রেহমানের মুক্তি এবং খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা নি:শর্তে প্রত্যাহারের দাবি জানিয়ে বলা হয়েছে, ‘অবৈধভাবে ক্ষমতায় অধিষ্ঠিত এই সরকার বেশী দিন টিকবে না। আন্দোলনের মাধ্যমে অবৈধ এই সরকারের অবশ্যই পতন হবে।’
নিউইয়র্কে বসবাসরত যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, জাসাসের আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন অপর বিবৃতিতে বেগম জিয়ার বিরুদ্ধে সাজানো মামলায় চার্জশিট প্রদানের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এমআর





