সৌদি আরব জানিয়েছে, ইয়েমেন থেকে ছোঁড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা আকাশেই ধ্বংস করে দিয়েছে। শনিবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। খবর বিবিসি, সিএনএনের। খবরে বলা হচ্ছে, রিয়াদ বিমানবন্দরের কাছে বড় ধরনের বিস্ফোরণে শব্দ পাওয়া গেছে।

সৌদি প্রেস অ্যাজেন্সী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের চূর্ণগুলো রাজধানী রিয়াদ ও বিমানবন্দর এলাকার ওপর পড়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইয়েমেনে হুথি বিদ্রোহী পরিচালিত সাবা নিউজ জানিয়েছে, ‘বুরকান এইচদুই’ নামে একটি মিসাইল সৌদির কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ছোঁড়া হয়। এদিকে দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কোনো ফ্লাইটই ব্যাহত হয়নি।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের একজন মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেছেন, বেসামরিক এবং জনবহুল এলাকা লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সৌদির আল-আরাবিয়া টেলিভিশন জানিয়েছে, তারা বিমানবন্দরের গাড়ি পার্কিংয়ের জায়গায় মিসাইলের টুকরো পড়ে থাকতে দেখেছেন।

এর আগে গেলো মে মাসে রিয়াদকে লক্ষ্য করে একটি মিসাইল ছুঁড়েছিল হুথি বিদ্রোহীরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিয়াদ সফরের একদিন আগে ওই ঘটনা ঘটে। সেবার অবশ্য ওই মিসাইলটি রাজধানী থেকে ২০০ কিলোমিটার দূরে থাকতেই ভূপাতিত করা হয়।

কয়েক বছর ধরেই ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আবদ্রাব্বুহ মানসৌর হাদির সঙ্গে হুথি বিদ্রোহীদের লড়াই চলছে। আর ২০১৫ সাল থেকে হুথিদের পরাজিত করতে বোমা হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব।
জেড