মুম্বাই-সন্ত্রাসী হামলার মূল হোতা জাকিউর রেহমান লাখভিকে (৫৫) কারাদণ্ড থেকে মুক্তি দিয়েছে পাকিস্তানের লাহোর উচ্চ আদালত। এতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনডিটিভি।

লাখভি ২০০৯ সালে পাকিস্তানে গ্রেপ্তার হন। এরপর তাকে রাওয়ালপিণ্ডির আদিয়ালা কারাগারে রাখা হয়। গত বছরের ডিসেম্বর মাসে প্রথমবারের মতো জামিন পান তিনি। কিন্তু ভারতে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার পর, বিশেষ আইনের আওতায় তাকে আবার কারারুদ্ধ করে রাখা হয়। শুক্রবার এ মুক্তির পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘যারা মানবতায় বিশ্বাস রাখে, তাদের জন্যে এটা ভয়াবহ দুঃসংবাদ।’

জামিন মঞ্জুর হওয়ার পরও লাখভির আটক থাকা নিয়ে নানা তর্ক-বিতর্ক চলতে থাকে বিগত তিনটি মাস। পুরো সময় তাকে আদিয়ালা কারাগারের অভ্যন্তরেই রাখা হয়েছে। লাখভির বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া গ্রেপ্তারের পরপরই শুরু হলেও বিগত পাঁচ বছরে তাতে কোনো অগ্রগতি পরিলক্ষিত হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছে ভারতীয় কূটনৈতিক মহল। এ সংক্রান্ত একাধিক বিবৃতিতে ইসলামাবাদকে দুষেছে দিল্লি। লাখভি ছাড়াও আরও ছয় ব্যক্তি একই মামলায় আদালতে বিচারাধীন।

লাখভির নির্দেশনায় ২০০৮ সালের ২৬ নভেম্বর থেকে শুরু করে টানা ২৯ নভেম্বর লস্কর-ই-তৈয়বা ভারতের ছত্রপতি শিবাজি টার্মিনাস, ওবেরয় ট্রাইডেন্ট, তাজমহল প্যালেস এন্ড টাওয়ার, লিওপোল্ড ক্যাফে, কামা হাসপাতাল, নরিমন হাইজ জিউইশ কমিউনিটি সেন্টার, মেট্রো সিনেমা হল এবং টাইমস অব ইন্ডিয়া ও সেন্ট জেভিয়ার্স কলেজের মধ্যবর্তী সড়কে ভয়াবহ হত্যাযজ্ঞ চালায়। এতে ১৬৬ জন ভারতীয় নাগরিক নিহত হন।

মুম্বাইয়ে লস্কর-ই-তৈয়্যবার ভয়াবহ হামলায় পাকিস্তানের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সংশ্লিষ্টতার বিষয়টি ইতোপূর্বে উঠে এসেছে।

জেআই