ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা সৌদি আরবের একটি তেল শোধনাগার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের অব্যাহত সামরিক অভিযানের জবাবে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় ইয়াবাবু প্রদেশের তেল শোধনাগারে এ হামলা চালানো হয়। হামলায় ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বোরকান বা আগ্নেয়গিরি-২ ব্যবহার করা হয়েছে।

এদিকে, স্কাড শ্রেণির এ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতির কোনো বিবরণ এখনো পাওয়া যায় নি।

ইয়েমেনে সৌদি সামরিক অভিযানে এ পর্যন্ত নারী-শিশুসহ ১২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে ইয়েমেনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এছাড়া, দেশটির অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইয়েমেনে সৌদি সামরিক অভিযানের পর থেকে দেশটিতে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ কলেরা রোগের প্রকোপ দেখা দিয়েছে বলেও অভিযোগ করা হচ্ছে।

এমবি