গাজায় ইসরাইলি বিমান হামলায় এক গর্ভবতী ফিলিস্তিনি নারী ও তার শিশু সন্তান নিহতের ঘটনা নিয়ে করা সংবাদের শিরোনাম চাপের মুখে বদলে ফেলেছে ব্রিটিশ সরকারী গণমাধ্যম বিবিসি।

বুধবার (০৮ আগস্ট) রাতে গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত হন ২৩ বছর বয়সী ওই গর্ভবতী মা ও তার ১৮ মাস বয়সী শিশু।

এঘটনায় বিবিসি ‘ইসরাইলি বিমান হামলায় গর্ভবতী নারী ও শিশু নিহত’এমন শিরোনামে সংবাদ প্রকাশ করে। এতেই ব্রিটিশ সংবাদমাধ্যমটির ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে ইহুদি রাষ্ট্র ইসরাইল।

ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইমান্যুয়েল নাহশোন এক টুইটার বার্তায় বিবিসির শিরোনাম নিয়ে সরাসরি অভিযোগ করেন। তিনি বলেন, এই শিরোনামের কারণে মূল পরিস্থিতি সম্পর্কে ‘ভুল ধারণা’দেয়া হয়েছে।

বিবিসিকে ধমকের সুরে তিনি বলেন, এই শিরোনাম পরিবর্তন করুন। ইমান্যুয়েলের প্রতিউত্তরে বিবিসি এক মুখপাত্র জানান, মূল শিরোনামে কোনো ধরনের ভুল নাই। তবে প্রতিবেদনের সাথে আমরা আরও কিছু ব্যাখ্যা যুক্ত করে দিয়েছি।

কিন্তু পরে দেখা যায়, বিবিসি প্রতিবেদনটির শিরোনাম থেকে ‘গর্ভবতী’শব্দটি বাদ দিয়ে নতুন শিরোনাম করে- ‘ইসরাইলি বিমান হামলায় নারী ও শিশু নিহত’।

উল্লেখ্য, গাজায় বুধবার (০৮ আগস্ট) রাতভর বিমান হামলা চালায় ইসরাইল। এতে মা ও শিশু ছাড়াও আরও এক ফিলিস্তিনি নিহত হন। এ ঘটনায় আহত হন ১২ জন। আহতদের মধ্যে নিহত গর্ভবতী ওই নারীর স্বামীও আছেন। সূত্র- ডেইলি সাবাহ।

এমবি