টানা তৃতীয় বারের মত বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন বামপন্থী নেতা ইভো মোরালেস। আদিবাসী হিসেবে তিনিই প্রথম বলিভিয়ার প্রেসিডেন্ট হয়েছেন।আগামী নির্বাচনেও তার জয়লাভের সম্ভাবনা সবচাইতে বেশি।শূন্য থেকে জীবন শুরু করে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হন এই নেতা।
আজ সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, চরম দারিদ্র্যের মধ্যে জন্ম নেওয়া ইভো মোরালেস ছিলেন লামা নামের দক্ষিণ আমেরিকার এক ধরনের প্রাণীর রাখাল। গান গাইতেন, ফুটবল খেলতেন আর ছিলেন কোকো চাষি।
লাতিন আমেরিকার দরিদ্রতম এই দেশটিতে ইভো মোরালেসের প্রায় নয় বছর শাসন করেন।তার শাসনামলে দরিদ্রবান্ধব অনেক নীতি গ্রহণ করা হয়েছে। অর্থনৈতিক সমৃদ্ধিও এসেছে।
যার ফলশ্রুতিতে ৫৪ বছর বয়সী ইভো মোরালেস গত রোববারের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় যাচ্ছেন। বুথ ফেরত ভোটারদের দেওয়া তথ্যে এমন আভাসই মিলেছে।
৬৫ শতাংশ আদিবাসীর দেশ বলিভিয়ায় বিশ্বের সবচেয়ে উঁচু কেব্ল কার চলাচলের ব্যবস্থা করা হয়েছে ইভো মোরালেসের শাসনামলে। দেশের প্রথম স্যাটেলাইটও উৎপেক্ষণ হয়েছে তাঁর আমলেই।
বলিভিয়ার পশ্চিমাঞ্চলের ওরুরোতে এক দরিদ্র পরিবারে ইভো মোরালেসের জন্ম। ছোটবেলায় তিনি লামার রাখাল ছিলেন, বাবা-মাকে কৃষিকাজে সহযোগিতা করতেন। তাঁর ছয় ভাইবোনের মধ্যে চারজনই দুই বছরের আগে অপুষ্টিজনিত রোগে ভুগে মারা গেছে।
ইভো মোরালেস আয়মারা ভাষাভাষী গোষ্ঠীর মধ্যে বেড়ে উঠেছেন। বিদ্যালয়ে শিক্ষা অর্জনের জন্য স্প্যানিশ শিখে ছিলেন তিনি। খরার কারণে অনেকটা বাধ্য হয়ে তিনি আশির দশকের শুরুর দিকে কোকো-উৎপাদনকারী এলাকায় চলে যান।
তখনই তিনি একটি গানের দল গড়ে তোলেন।তিনি ভালো ফুটবল খেলতেন। গান আর ফুটবলের কারণে তিনি দেশের বাইরে ভ্রমণের সুযোগ পান।
ইভো মোরালেসের রাজনৈতিক জীবনের শুরু প্রতিবাদের মধ্য দিয়ে।মাদকের দোহাই দিয়ে কোকো চাষের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রচারের বিরুদ্ধে সোচ্চার হন তিনি। তখনই ইউনিয়ন নেতা হিসেবে তাঁর উত্থান। তাঁর নেতৃত্বে কোকো চাষিরা আন্দোলন গড়ে তোলেন।
২০০২ সালে ইভো মোরালেস প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন। তবে সেবার হেরে যান তিনি। ২০০৫ সালের নির্বাচনে তিনি ৫৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি এই বিজয় লাতিন আমেরিকার দেশ কিউবার বামপন্থী নেতা ফিদেল কাস্ত্রো ও ভেনেজুয়েলার নেতা হুগো চাভেজ এবং বিশ্বের সব ‘সাম্রাজ্যবাদ-বিরোধী ও পুঁজিবাদবিরোধী’নেতার উদ্দেশ্যে উৎসর্গ করেন।
এখনো বিয়ে করেননি এই নেতা। অবিবাহিত হিসেবে পরিচিত এই নেতার এলভারো ও ইভা লিজ নামে দুই মায়ের দুই সন্তান আছে।
এই নেতা জানিয়ে দিয়েছেন, ৬০ বছর বয়সের পর তিনি ক্ষমতা ছেড়ে দেবেন। অবসর জীবনে একটি খাবারের দোকান দেবেন তিনি।
ইআর





