ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সুলাইমানি নিহত হয়েছেন।   

অভিজাত এই শাখার নতুন প্রধান পদে ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানিকে নিয়োগ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

নিহত মেজর জেনারেল কাসেম সোলেইমানির স্থলাভিষিক্ত হলেন ইসমাইল কানি।

শুক্রবার (০৩ জানুয়ারি) খামেনির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে এই নিয়োগের কথা জানানো হয়।

এতে ইসমাইল কানিকে ‘সবচেয়ে চৌকস বিপ্লবী গার্ড কমান্ডারদের একজন’ উল্লেখ করে বলা হয়, “বীর জেনারেল হাজি কাসেম সোলেইমানির শাহাদাতের পর আমি কুদস্ বাহিনীর কমান্ডার হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানিকে নিযুক্ত করলাম।”

ইসমাইল কানি ইরান-ইরাক যুদ্ধে (১৯৮০-৮৮) বীরোচিত ভূমিকার জন্য খ্যাতি লাভ করেন। তিনি নিহত সোলেইমানির ঘনিষ্ঠজন বলে পরিচিত। বিপ্লবী গার্ডের গোয়েন্দা বিভাগেও দায়িত্ব পালন করেন ইসমাইল কানি।

সোলেইমানির মতোই ইসমাইল কানিও কট্টর ইসরায়েলবিরোধী বলে পরিচিতি সশস্ত্র বাহিনীতে। সিরিয়ার গৃহযুদ্ধে ইরানের জড়িয়ে পড়ার ক্ষেত্রে সোলেইমানির মতোই ভূমিকা ছিল কানিরও।

শুক্রবার (০৩ জানুয়ারি) ভোরে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বাহিনীর বিমান হামলায় জেনারেল সোলেইমানি নিহত হন। তিনি আয়াতুল্লাহ আলী খামেনির সবচেয়ে আস্থাভাজন জেনারেলদের একজন ছিলেন।

১৯৯৮ সালে বিপ্লবী গার্ডের প্রধানের দায়িত্ব পাওয়ার পর অনেকটা নিভৃতে তিনি কাজ করতে থাকেন।

এমবি