ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৩ দিনের সফরে আজ ঢাকায় এসে পৌঁছেছেন।

আজ (শুক্রবার) বিকেল ৬টার দিকে রাজনাথ ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে একটি বিশেষ বিমানে  কুর্মিটোলা বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে অবতরণ করে। 

ঢাকায় পৌঁছার পর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় সেখানে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রিংলাও উপস্থিত ছিলেন। 

বিমান বাহিনীর ঘাঁটি থেকে রাজনাথ সিংকে সরাসরি রাজধানীর হোটেল সোনারগাঁয় নিয়ে যাওয়া হয়। সফরের সময় তিনি সেখানেই থাকবেন।  সফরের সময় ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

বিকেলে দিল্লি থেকে বিমানে ওঠার আগে রাজনাথ সিং এই সফরকে কেন্দ্র করে একটি টুইট করেছেন।

এই টুইট বার্তায় রাজনাথ সিং লিখেছেন, “তিন দিনের বাংলাদেশ সফরে ঢাকার উদ্দেশে রওনা হচ্ছি। ইতিহাস, সংস্কৃতি, ভাষা এবং গণতান্ত্রিক মূল্যবোধই ভারত ও বাংলাদেশের সম্পর্কের মূল। ভারত, বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত থাকতে চায়।”

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও লিখেন, “ভারত ও বাংলাদেশ নিজেদের দেশ এবং সমুদ্র উপকূলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় উল্লেখযোগ্য উন্নতি করেছে। সামনের দিনগুলোতে বন্ধুত্ব ও বিশ্বাসের ওপর ভিত্তি করে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো দৃঢ় করতে চাই।”

রাজনাথ সিং এর এই সফরের আগে গতকাল দেশটির হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রিংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।  

এমবি