চীন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে। এ পরীক্ষা দেশটির টেলিভিশনের প্রাইমটাইমে প্রচার করা হয়েছে। পরীক্ষায় সময় আঘাত হানতে আসা এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ও বিমান ধ্বংস করে দিয়েছে হংকি (লাল পতাকা)-১০ নামের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

এ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রগুলো জাহাজ ও ভূমিতে অবস্থিত ভ্রাম্যমাণ লঞ্চার থেকে ছোঁড়া হয়েছে। বুধবার চায়না টেলিভিশনের সান্ধ্যকালীন সংবাদে প্রচারিত ফুটেজে দেখা গেছে, এ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনে আকাশে বিস্ফোরিত হয়েছে।

এ প্রতিরক্ষা ব্যবস্থা রণতরীকে নির্দিষ্ট এলাকা পর্যন্ত রকেট হামলা থেকে রক্ষা করবে। এ ছাড়া, ব্যাপক এলাকা জুড়ে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে এটিকে অঞ্চলভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবেও ব্যবহার করা হবে। তবে সে ক্ষেত্রে পাল্টা হামলা চালাতে তুলনামূলকভাবে কিছুটা বেশি সময় লাগবে বলে জানানো হয়েছে।

চীনের রাষ্ট্রীয় দৈনিক গ্লোবাল টাইমস আজ (বৃহস্পতিবার) এ খবর দিয়েছে। এ ছাড়া, বিমান হামলা থেকে স্থলবাহিনীকে রক্ষার কাজেও হংকি-১০ ব্যবহার করা যাবে।

বেইজিং সাম্প্রতিক সময়ে নিজ সামরিক ও নৌ সক্ষমতা বৃদ্ধি করছে এবং প্রেসিডেন্ট শি জিনপিং নিয়মিত দেশটির যুদ্ধ জয়ের সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। সূত্র: এএফপি।

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই