সিনিয়র বৃটিশ মন্ত্রী সৈয়দা ওয়ার্সি মঙ্গলবার পদত্যাগ করেছেন। তিনি বলেছেন, ইসরাইল এবং হামাসের মধ্যে চলমান যুদ্ধে বৃটিশ সরকারের গৃহীত নীতিকে তিনি কোনভাবেই সমর্থন করতে পারেন না।
তার ভাষায়, গাজা ইস্যুতে বৃটিশ সরকারের নীতি " নৈতিকভাবে অমার্জনীয়।" ইংল্যান্ডের ইংরেজি দৈনিক দি গার্ডিয়ান এ সংবাদ জানিয়েছে।
পদত্যাগ পত্রে এই মুসলিম নারী মন্ত্রী বলেছেন, যুক্তরাজ্যের (বর্তমান) অবস্থান "আইনের শাসন এবং আন্তর্জাতিক ন্যায়বিচারের জন্য আমাদের দীর্ঘ সমর্থনের সাথে সংগতিপূর্ণ নয়।"
সৈয়দা ওয়ার্সি আরো বলেন, গাজার সাম্প্রতিক সংকটের বিষয়ে সরকারের আচরণ এবং ভাষা নৈতিকভাবে অমার্জনীয়, বৃটেনের জাতীয় স্বার্থের পরিপন্থী। আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে আমাদের সুনামের উপর এর দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব রয়েছে।
এছাড়া এক টুইট বার্তায় নিজের পদত্যাগের বিষয়টি স্পষ্ট করেছেন যুক্তরাজ্য সরকারের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র মন্ত্রী সৈয়দা ওয়ার্সি ।
তিনি তার অফিসিয়াল টুইটে বলেছেন, "গভীর অনুতাপের সাথে এই সকালে আমি প্রধানমন্ত্রীকে লিখছি এবং আমার পদত্যাগ পত্র পেশ করেছি। গাজা বিষয়ে আমি কোনভাবেই সরকারী নীতিমালাকে সমর্থন করতে পারি না।"
ওয়ার্সি বৃটিশ পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের একজন সিনিয়র মন্ত্রী এবং ফেইথ এন্ড কমিউনিটিরও একজন মন্ত্রী। সূত্র: দি গার্ডিয়ান।
ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





