মিয়ানমারে গণহত্যা ও নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকায় ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বৈঠকটি আগামী ১৯ জানুয়ারি বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে এই ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। চীনের উদ্যোগে বৈঠকটি হচ্ছে।
বুধবার (১৩ জানুয়ারি) রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ মাঠে সুরের ধারার আয়োজনে ‘পৌষ উৎসব-১৪২৭’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “চীনের পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফর করেছেন। সফর শেষে তিনি আমাদের ত্রিপক্ষীয় বৈঠকের জন্য বলেছেন, আমরা বলেছি সমস্যা নাই বসেন। আগামী ১৯ জানুয়ারি তিন দেশের সচিব পর্যায়ে ত্রিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হবে।”
এবারের বৈঠক নিয়ে আশাবাদের কথা ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বৈঠকে প্রত্যাবাসন নিয়ে আলোচনা হবে। আমরা সবসময় আশাবাদী। আমাদের বিশ্বাস রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাবে।”
অতীতে বাংলাদেশে আসা রোহিঙ্গারা তাদের ফিরে গেছে জানিয়ে আব্দুল মোমেন বলেন, “আমরা দেখেছি, আগেও মিয়ানমার রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিয়েছে। ১৯৭৮ ও ১৯৯২ সালে তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়েছে। এখন যারা বাংলাদেশে অবস্থান করছেন তাদেরও তারা ফেরত নেবে বলে আমরা প্রত্যাশা করছি। আমরা সব সময় আশাবাদীদের দলে। কারণ রোহিঙ্গাদের তাদের নিজ দেশেতো ফেরত যেতেই হবে।”
চীনের আন্তরিকতার কারণে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করা যায়নি বলে চীনের সমালোচনাও করেন মোমেন। তিনি বলেন, “মিয়ানমার আমাদের বলছে রোহিঙ্গাদের নিয়ে যাবে কিন্তু নেয় না।”
এমবি





