"ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তান ও মুসলমানদের শত্রু" বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ। ভারতীয় চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বুধবার তিনি এ মন্তব্য করেন।

নরেন্দ্র মোদিকে পাকিস্তানবিরোধী দৃষ্টিভঙ্গি থেকে সরে আসার আহ্বান জানিয়ে সাবেক সেনাশাসক মুশাররফ বলেন, পাকিস্তান তার পূর্বাঞ্চলীয় সীমান্তের প্রতিরক্ষাকে কখনও অবহেলা করবে না। এমনকি প্রয়োজনে পারমাণবিক বোমা ব্যবহারেও তার দেশ দ্বিধাবোধ করবে না বলে মন্তব্য করেন সাবেক এই সেনাপ্রধান।

তিনি অভিযোগ করে বলেন, ভারত অনেক আগে থেকেই পাকিস্তানের পরিস্থিতি অস্থিতিশলী করার চেষ্টা করে আসছে।

প্রসঙ্গত, পারভেজ মুশাররফ ১৯৯৯ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেন। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ ও ১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেন মুশাররফ। এ ছাড়া সেনাপ্রধান হিসেবে ১৯৯৯ সালের কারগিল যুদ্ধে নেতৃত্ব দেন।

পারভেজ মুশাররফ বর্তমানে পাকিস্তানের করাচি শহরে চিকিৎসা নেওয়ার জন্য অবস্থান করছেন। সূত্র : ডন

ইআর