মিশরের নৌবাহিনীর একটি জাহাজে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালালে অন্তত ৫ নৌসেনা আহত ও ৮ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার মিশরের উপকূল থেকে ৭০ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে এই ঘটনা ঘটে। এ সময় নৌবাহিনীর পাল্টা হামলায় বন্দুকধারীদের চারটি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস হয় এবং আটক করা হয় ৩২ জন বন্দুকধারীকে। খবর আল জাজিরার।
মিশরের সামরিক বাহিনী সূত্র জানিয়েছে, মাছ ধরার ট্রলারে করে হামলা চালায় বন্দুকধারীরা। তবে, তাদের ট্রলারে রকেট লাঞ্চার বা গ্রেনেড জাতীয় কিছু ছিল না। হামলার সঙ্গে কোন গোষ্ঠী জড়িত তা এখনো জানাতে পারেনি মিশরের সামরিক বাহিনী। ভূমধ্যসাগরের ওই পথটি সাধারণত মাদক চোরাচালানকারী এবং মানবপাচারের জন্য খুব পরিচিত।
সিনাই উপত্যকায় প্রায়ই হামলা চালিয়ে থাকে অজ্ঞাত বন্দুকধারীরা। মিশরের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পর থেকেই সেখানে নিয়মিত হামলা চলে আসছে। হামলার লক্ষ্যবস্তু মূলত সেনাবাহিনী ও পুলিশ। এসব হামলার দায়ভার স্বীকার করে আসছে আনসার বেইত আল-মাকদিস নামের একটি সশস্ত্র সংগঠন। সংগঠনটির সঙ্গে ইরাক ও সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সংযোগ রয়েছে বলে তাদের দাবি।
এমএ





