করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউ কোনও মতে সামাল দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ভারত। এর মধ্যেই চোখ রাঙাচ্ছে কোভিডের তৃতীয় ঢেউ। ঠিক কবে নাগাদ আছড়ে পড়তে পারে থার্ড ওয়েভ? কতটাই বা অনিবার্য এটি?

শনিবার (১৯ জুন) দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস)-এর প্রধান রণদীপ গুলেরিয়া এইসব বিষয় নিয়ে কথা বলেছেন। খবর ইন্ডিয়া টাইমস’র।

রণদীপ গুলেরিয়া বলেন, “আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যেই ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। কোভিড সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আঘাত অনিবার্য। এই পরিস্থিতিতে বিশাল জনসংখ্যার এই দেশে টিকাদান কর্মসূচি সম্পন্ন করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকার মধ্যে সময়ের ব্যবধান বৃদ্ধি কোনও খারাপ প্রভাব ফেলবে না বলেও জানান তিনি।

এআইআইএমএস)-এর প্রধান রণদীপ গুলেরিয়া বলেন, “দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তৃতীয় ঢেউ আসার আগেই সংক্রমণের হটস্পটগুলো চিহ্নিত করে কোভিড পরীক্ষা ও চিকিৎসা সংক্রান্ত পরিকাঠামো গড়ে তোলার ওপর নজর দিতে হবে।”

বাস্তবে এখন পর্যন্ত ভারতে টিকা নেওয়ার উপযুক্ত বিবেচিত ৯৫ কোটি মানুষের মধ্যে সম্পূর্ণ ডোজ পেয়েছেন মাত্র ৫ শতাংশ।

এমবি