কথিত ইসলামিক স্টেট-আইএস জঙ্গিদের দখলে থাকা ইরাকের মসুলের রাস্তায় রাস্তায় নিরীহ মানুষের লাশ পড়ে আছে। খবর বিবিসির। 

বার্তা সংস্থা রয়টার্সের এক চিত্রগ্রাহক মসুলের জানজিলি অঞ্চলে বহু নারী, পুরুষ ও শিশুকে রাস্তায় নিশ্চল পড়ে থাকতে দেখেছেন বলে জানান।

তবে ওই অঞ্চলে ঠিক কত বেসামরিক মানুষ নিহত হয়েছেন তা জানা সম্ভব হয়নি। কেন তাদের হত্যা করা হয়েছে তাও অজানা। অবশ্য এক গণমাধ্যম কর্মী জানিয়েছেন, সংখ্যাটি ৫০ ছাড়াবে। পালানোর সময় সম্ভবত আইএস জঙ্গিরাই তাদের হত্যা করে থাকতে পারে বলে ত্রাণকর্মীরা মনে করছেন। 

গত বছরের অক্টোবর থেকে আইএস নিয়ন্ত্রিত মসুলের পুনর্দখলে অভিযান চালিয়ে আসছে ইরাকের সেনাবাহিনী। তাদের সহযোগিতায় আইএস ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনী। তবে মসুলে নিরীহ নাগরিকদের নিহতের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরাকি কর্তৃপক্ষ।

এমএনজে