আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে এখনও অনুমোদন দেন নি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান। এখনও ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে দূরত্ব বজায় রেখেছেন।

আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্পকে তিনি সমর্থন দেবেন না এমনটা বেশ আগেই স্পষ্ট করে বলেছেন। কিন্তু পরে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন এমন রিপোর্টও প্রকাশিত হয়।

তবে বুধবার তিনি আবারও জানান দিলেন, তিনি নিউ ইয়র্কের রিয়েল এস্টেট ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিতে প্রস্তুত নন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ক্যাপিটল হিলে তার বৈঠক হয়। এরপর মিডিয়ায় রিপোর্ট প্রকাশিত হয় যে, ট্রাম্পকে অনুমোদন দিচ্ছেন পল রায়ান। এরই প্রেক্ষিতে তিনি বলেছেন, এখনও আমি সিদ্ধান্ত নিই নি। এমন সিদ্ধান্ত নেয়ার জন্যে কোন টাইম টেবিল দরকার নেই। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে রিপাবলিকান দলের শীর্ষ পর্যায়ে মারাত্মক বিভক্তি রয়েছে। তার মধ্যে অনেকের এতদিন প্রকাশ্যে মন্তব্য, বিবৃতি দিলেও এখন দৃশ্যত তারা চুপ মেরে গেছেন। এর অর্থ তারা কি তাহলে নীরবে ট্রাম্পকে সমর্থন দিলেন! তবে প্রকাশ্যে একা মাঠে সরব এখন ৪৬ বছর বয়সী পল রায়ান। তিনি প্রকাশ্যে ট্রাম্পকে অনুমোদন দেয়ার বিরুদ্ধে কথা বলেছেন। এখন পর্যন্ত তিনি তাকে অনুমোদন দেন নি।

আগামী জুলাইয়ে ক্লিভল্যান্ডে দলের মনোনয়ন নিয়ে যে কনভেনশন হবে তাতে সভাপতিত্ব করবেন পল রায়ান। ফলে রায়ানের অনুমোদন খুবই গুরুত্বপূর্ণ আগামী ৮ই নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে। বুধবার রাতে রায়ান ও ট্রাম্পের মধ্যে টেলিফোনে কথা হওয়ার কথা।

তবে পল রায়ানের মুখপাত্র জ্যাক রোডি বলেন, এ ফোন কল অনুমোদন দেয়া নিয়ে নয়।

জিআর