ইরাকের রাজধানী বাগদাদে দু'টি হোটেলে বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার মধ্যরাতে ব্যাবিলন ও ক্রিস্টাল হোটেলে গাড়ি বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। বোমা বিস্ফোরণের শব্দ বাগদাদ শহরের সব জায়গা থেকে শোনা গেছে। আলজাজিরা অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রথম গাড়ি বোমার বিস্ফোরণ হয় ব্যাবিলন হোটেলে। হোটেলটি নতুন করে সাজানো হয়েছে সম্প্রতি। এই হোটেল থেকে টাইগ্রিস নদী দেখা যায়। ব্যাবিলন হোটেলে সরকারি কর্মকর্তারা প্রায়ই বৈঠক করেন এবং আন্তর্জাতিক সম্মেলনও অনুষ্ঠিত হয় সেখানে।
কয়েক মিনিট পরে হোটেল ক্রিস্টালে গাড়ি বোমা বিস্ফোরণ হয়। এই হোটেলে মধ্যরাতে লোকজনের ভিড় থাকে। হামলার ধরণ থেকে স্পষ্ট, দুই হোটেলে হামলাকারীদের মধ্যে যোগসূত্র রয়েছে।
বাগদাদে অবস্থান করা উন্নয়ন ও মানবাধিকারকর্মী এবং সাংবাদিকরা এই দুই হোটেলেই বেশি থাকেন। যে কারণে সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তল্লাশি ছাড়া কোনো গাড়ি ঢুকতে দেয়া হয় না। তারপরও এমন নিরাপদ স্থানে বোমা বিস্ফোরণে বিদেশি উন্নয়নকর্মী ও সাংবাদিকদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বাগদাদে এক দশক ধরে রাত্রিকালীন কারফিউ জারি ছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় এ বছর কারফিউ প্রত্যাহার করা হয়। সেই থেকে বাগদাদে বোমা হামলার সংখ্যা বেড়ে গেছে।
এআর





