পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেছেন, তার দেশকে মিয়ানমার ভাবা ভারতের উচিত হবে না। তিনি আরো বলেছেন, “পাকিস্তানের সশস্ত্র বাহিনী বিদেশি যেকোনো আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণভাবে সক্ষম এবং ভারতীয় নেতাদের দিবাস্বপ্ন দেখা বন্ধ করা উচিত।”
পাকিস্তানকে উদ্দেশ করে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ আরো কয়েকজন নেতা যেসব বক্তব্য দিয়েছেন তার জবাবে পাক স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল (বুধবার) এসব কথা বলেছেন। চৌধুরী নিসার জোর দিয়ে বলেন, অতীতে ভারত কিছু চক্রান্ত করে হয়তো সফল হয়ে থাকতে পারে তবে ভবিষ্যতে তা আর হতে দেয়া হবে না।
এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, নরেন্দ্র মোদির বক্তব্য পকিস্তানের পুরনো ক্ষত খুচিয়ে দিয়েছে এবং মোদির বক্তব্য দু দেশের মধ্যকার সংলাপের পরিবেশকে তিক্ত করে তুলেছে। তিনি বলেন, সরকার পাকিস্তানের জনগণের সুরক্ষা দেবে। তবে ভারত যদি পাকিস্তানকে শিক্ষা দেয়ার কথা বলে তাহলে পাকিস্তানও ভারতকে শিক্ষা দিতে সক্ষম। ভারত যদি কোনো রকম আঘাত হানার চেষ্টা করে, পাকিস্তান তার উপযুক্ত জবাব দেবে।
মিয়ানমারের ভেতরে সেনা অভিযান চালানোর পর পাকিস্তানকে উদ্দেশ করে ভারতের তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোরে গতকাল (বুধবার) বলেছিলেন, হুমকি থাকলে ভারত যেকোনো সময় যেকোনো দেশে হামলা চালাবে।
এছাড়া, সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতার সময় নরেন্দ্র মোদি বলেছিলেন, “১৯৭১ সালে ভারতীয় সেনাবাহিনীর হাতে পাকিস্তানের ৯৩ হাজার সেনা ধরা পড়লেও ভারত কিছু না বলে তাদেরকে পাকিস্তানের কাছে ফেরত দিয়েছে। আমাদের যদি হিংস্র মানসিকতা থাকতো, তাহলে তখন কি সিদ্ধান্ত হত, তা বলা যায় না। এর মাধ্যমে প্রমাণিত হয়- ভারত শান্তিতে বিশ্বাসী।” নরেন্দ্র মোদি আরো বলেন, “পাকিস্তান প্রতিনিয়ত ভারতের জন্য উপদ্রব সৃষ্টি করছে, সন্ত্রাসবাদকে মদদ দেওয়ার ঘটনা ঘটিয়েই যাচ্ছে।”
জেডআই





