ব্রিটেনকে ভাঙনের হাত থেকে বাঁচানোর সর্বশেষ চেষ্টা হিসেবে স্কটল্যান্ড যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। স্কটিশদেরকে স্বাধীনতার বিপক্ষে ভোট দিতে উদ্বুদ্ধ করতে তিনি সেখানে যাচ্ছেন।

সোমবার স্কটিশদের উদ্দেশে ভাষণ দেবেন ক্যামেরন। একটি সূত্র জানিয়েছে- ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন স্কটিশদের এই বলে সতর্ক করে দেবেন যে, স্বাধীনতার পক্ষে ভোট দিলে চিরদিনের জন্য তাদের পরস্পরের পথ আলাদা হয়ে যাবে। গত কিছু দিন ধরেই ব্রিটেনের ভাঙন ঠেকাতে ব্যাপক দৌড়ঝাঁপ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। গত পাঁচ দিনের মধ্যে স্কটল্যান্ডে এটি হবে তার দ্বিতীয় সফর।

শুধু ক্যামেরনই নন, ব্রিটেনের মূল ধারার সব দল ও রাজনীতিকরা স্বাধীনতার বিপক্ষে ভোট আদায়ের জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা চালাচ্ছেন। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, স্বাধীনতাবিরোধী ব্রিটিশ নেতাদের ঘুম হারাম হয়ে গেছে।

এদিকে ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথ স্কটল্যান্ডের গণভোটের বিষয়ে মুখ খুলেছেন। তিনি আশা প্রকাশ করে বলেছেন, স্কটিশরা ভোট দেয়ার আগে তাদের ভবিষ্যতের বিষয়টি ভালোভাবে ভেবে নেবেন। ব্রিটিশ সংবিধানে রাজনৈতিক ইস্যুতে রাণীকে নিরপেক্ষতা বজায় রাখতে বলা হয়েছে।

আর দুই দিন পরই স্কটল্যান্ডে স্বাধীনতা প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে। সর্বশেষ জনমত জরিপগুলোর ফলাফলে দেখা যাচ্ছে, স্বাধীনতার পক্ষে ৫৪ শতাংশ ভোট পড়বে। এর ফলে আতংক দেখা দিয়েছে ব্রিটেনের কেন্দ্রীয় নেতাদের মধ্যে। কারণ স্কটল্যান্ড আলাদা হয়ে গেলে ব্রিটেন যে অনেক বেশি দুর্বল হয়ে পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। অর্থনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সামরিক দিক থেকেও ব্রিটেন অনেক ক্ষতিগ্রস্ত হবে বলে দেশটির নেতারা স্বীকার করেছেন।

এ অবস্থায় স্বাধীনতার বিপক্ষে ভোট দিতে স্কটিশদের নানাভাবে উৎসাহিত করে চলেছে ব্রিটিশ সরকার। এ ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন অঙ্গনের তারকাদের। ফুটবল তারকা ডেভিড ব্যাকহামও স্বাধীনতার বিরুদ্ধে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। সূত্র: আইআরআইবি

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ