মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সরকারবিরোধী বিক্ষোভের দ্বিতীয় দিনে আজও হাজার হাজার লোক অংশ নিচ্ছে।

প্রধানমন্ত্রী নজীব রাজ্জাককে জড়িয়ে এক আর্থিক কেলেংকারির অভিযোগ ওঠার পর এই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা রাজ্জাকের পদত্যাগ দাবি করছে।

রাজ্জাকের ব্যাংক একাউন্টে অজ্ঞাত 'বিদেশী দাতার' কাছ থেকে পাওয়া ৭০ কোটি ডলার জমা পড়ার খবরে মালয়েশিয়ায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরার বলছেন, প্রধানমন্ত্রীর একাউন্টে এত টাকা কেন - এ প্রশ্নের কোন যথাযথ জবাব রাজ্জাক দিতে পারেন নি। নজীব রাজ্জাক অবশ্য কোন ধরণের অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেছেন, এই বিক্ষোভকারীরা মালয়েশিয়ার ভাবমূর্তি নষ্ট করছে।

তার সরকারের মন্ত্রীরা বলেছেন, এই অর্থ মধ্যপ্রাচ্যের কিছু উৎস থেকে আসা 'রাজনৈতিক চাঁদা', যাতে অন্যায় কিছুই নেই।

এ ঘটনাকে কেন্দ্র করে দেশটির অন্যান্য অংশেও বিক্ষোভ হয়েছিল, তবে তা এখন থেমে গেছে। কিন্তু রাজধানীর বিক্ষোভ অব্যাহত আছে।

অনেক বিক্ষোভকারীই রাস্তায় রাত কাটিয়েছে। পুলিশ এ বিক্ষোভকে অবৈধ ঘোষণা করলেও তা ভেঙে দেবার চেষ্টা অবশ্য এখনো করে নি।

পুলিশ বলছে, বিক্ষোভকারীদের সংখ্যা ২৫ হাজারের মতো, কিন্তু বিক্ষোভের আয়োজকরা বলছেন আগত লোকের সংখ্যা ২ লাখ পর্যন্ত উঠেছিল। রোববার মাঝরাতে এ বিক্ষোভ শেষ হবার কথা।

সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদও শনিবার এই বিক্ষোভে আকস্মিকভাবে এসে উপস্থিত হন। তিনিও প্রধানমন্ত্রী রাজ্জাকের পদত্যাগ দাবি করেছেন। সূত্র: বিবিসি

এআর