হংকংয়ে বুধবার নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর পুলিশ গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের প্রধান বিক্ষোভ শিবির গুড়িয়ে দিয়েছে। শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতারের একদিন পর কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিল।

নগরীর কর্মীরা মংককের বিশাল এলাকা জুড়ে বিক্ষোভকারীদের স্থাপন করা ব্যারিকেড সরিয়ে নেয়ার সময় পুলিশ তাদেরকে রক্ষায় লাঠি উঁচিয়ে এগিয়ে আসে।

বিক্ষোভকারীরা জানান, আন্দোলনের ছাত্র নেতা জসহুয়া ওং ও লেস্টার শুমকে পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ ওই বিক্ষোভস্থলে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ওপর মরিচের গুড়া ব্যবহারের একদিন পর সেখানে উত্তেজনা চরম মাত্রায় ছড়িয়ে পড়ে।

২১ বছর বয়সী বিক্ষোভকারী কেলভিন নজি এএফপিকে বলেন, ‘আমরা স্থান হারালেও আমাদের মনোবল হারাতে চাই না। আমরা অন্য কোথাও চলে যেতে পারি।’

চীনের দক্ষিণাঞ্চলীয় হংকংয়ের নেতৃত্বের জন্য সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা প্রায় দু’মাস ধরে এ নগরীর রাজপথে অবস্থান নেয়।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবারের সংঘর্ষের পর তারা বিক্ষোভস্থল থেকে ১৪ বছর বয়সের এক কিশোরসহ ১১৬ জনকে গ্রেফতার করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, সেখানে অভিযান চালানোর সময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ২০ পুলিশ সদস্য আহত হয়।

বিক্ষোভস্থলে দায়িত্ব পালন করতে আসা এক সাংবাদিককে পুলিশ গ্রেফতার করেছে। হংকং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এ গ্রেফতারের ঘটনার নিন্দা জানিয়েছে।

‘আমি হংকংকে ভালবাসি’লেখা টি-শার্ট পরিহিত কর্মীরা বুধবার নাথান সড়কে দেয়া বিক্ষোভকারীদের ব্যারিকেড সরাতে গেলে সেখানে অবস্থানরত বিক্ষোভকারীরা তাদেরকে বাধা দেয়। পরে পুলিশ শিবির গুড়িয়ে দেয়।

এমএ