এক কেজি মাছ কিনলে পরে ওজন করলে পাওয়া যাচ্ছে মাত্র ৮০০ গ্রাম। বাকি ২০০ গ্রামই হাওয়া! এভাবেই ক্রেতাদের বিশ্বাস ভঙ্গ করে দীর্ঘদিন ধরে মুনাফা করে আসছে যশোরের অভয়নগর উপজেলার প্রধান মাছ বাজারে। প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে ক্রেতা সাধারণ।

ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান এবং খুলনা বিএসটিআইর পরিদর্শক কামরুজ্জামান নওয়াপাড়া মাছ বাজারে যৌথভাবে অভিযান চালিয়ে এমনই সব বাটখারা উদ্ধার করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নওয়াপাড়া মাছ বাজারে ২ জন মাছ ব্যবসায়ীর বাটখারায় কেজিতে ২০০ গ্রাম করে কম পাওয়া যায়।

এ সময় আদালত উভয় ব্যবসায়ীকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত মাছ ব্যবসায়ী সাদেক (২৪) উপজেলার বুইকারা গ্রামের রফিকের ছেলে এবং আব্দুল হালিম (৩৭) খুলনার ফুলতলা উপজেলার পায়গ্রামকসবা গ্রামের আহম্মেদ শেখের ছেলে।

এএস