আঙুরে থাকা অনেক ধরনের পুষ্টি উপাদান আপনার শরীরকে ভালো রাখতে কাজ করবে। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে। আঙুরের বীজ ও খোসায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা বার্ধক্য রোধে কাজ করে। শুধু তাই নয়, হৃৎপিণ্ড এবং রক্তনালিগুলোকে বুড়িয়ে যাওয়ার হাত থেকেও রক্ষা করে। নিয়মিত আঙুর খেলে মিলবে অনেক উপকার। চলুন জেনে নেওয়া যাক আঙুর খাওয়ার উপকারিতা-

ত্বকের সমস্যা সমাধানে

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, আঙুর ত্বকের সমস্যার সমাধান করতে এবং ত্বকের তারুণ্য বজায় রাখতে কাজ করে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, আঙুরে রয়েছে রেসভারেট্রল। এটি খুব সাধারণ অ্যাকনের ওষুধ বেন্জল পারঅক্সাইডের সঙ্গে মিলে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে মোকাবিলা করে। ব্রণ হওয়ার জন্য এই ব্যাকটেরিয়াই দায়ী।

বাড়ে মস্তিষ্কের কার্যক্ষমতা

কয়েকটি গবেষণায় দেখা গেছে, রেসভারেট্রল মস্তিষ্কের রক্ত প্রবাহ বাড়াতে কাজ করে। তাই যাদের স্মৃতিশক্তিজনিত সমস্যা রয়েছে, নিয়মিত আঙুর খাওয়া তাদের জন্য দারুণ উপকারী।

ভালো রাখে চোখ

চোখ ভালো রাখতে কাজ করে আঙুর, এমনটাই দেখা গেছে মায়ামি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায়। এর কারণ হলো রেটিনায় প্রোটেক্টিভ প্রোটিনের মাত্রা বাড়ায় আঙুর। তাই নিয়মিত আঙুর খেলে ভালো থাকে চোখ।

কোলস্টেরলের মাত্রা কমায়

রক্তে কোলস্টেরলের মাত্রা কমায় আঙুর। এতে টরোস্টেলবেন নামে এক ধরনের যৌগ থাকে যা কোলস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।

হাড় শক্ত করে

আঙুরে প্রচুর পরিমাণে তামা, লোহা ও ম্যাংগানিজের মতো খনিজ পদার্থ থাকে যা হাড়ের গঠন ও হাড় শক্ত করতে কাজ করে।

অ্যাজমা প্রতিরোধ

আঙুরের ঔষধি গুণের কারণে এটি অ্যাজমার ঝুঁকি থেকে রক্ষা করে। ফুসফুসে আর্দ্রতার পরিমাণ বাড়ায় ছোট এই ফল।

স্তন ক্যানসার

স্তন ক্যানসারের ঝুঁকিতে আছেন এমন রোগীরা খেতে পারেন আঙুর। গবেষণায় দেখা গেছে, আঙুরের উপাদানগুলো ক্যানসার সৃষ্টিকারী কোষের বিরুদ্ধে কাজ করতে সক্ষম।

কিডনির জন্য

আঙুরের উপাদানগুলো ক্ষতিকারক ইউরিক অ্যাসিডের মাত্রা সহনশীল অবস্থায় রাখে। সেই সঙ্গে কিডনির রোগব্যাধির বিরুদ্ধেও লড়াই করে।

বয়সের ছাপে বাধা

শরীরের ফ্রি রেডিকেলস ত্বকে বলিরেখা ফেলে দেয়। আঙুরে থাকা ভিটামিন সি আর অ্যান্টি-অক্সিডেন্ট এই ফ্রি রেডিকেলের বিরুদ্ধে লড়ে, শরীরে বয়সের ছাপ পড়তে দেয় না।

চুলের যত্নে

দিঘল চুল একটু অযত্নেই খুশকিতে ভরে যায়। চুলের আগা ফেটে গিয়ে রুক্ষ হয়ে পড়ে। ধূসর রঙের হয়ে যায় কখনো। সব শেষে চুল ঝরতে থাকে। এই সমস্যা এড়াতে খেতে পারেন আঙুর। শুধু চুল ভালোই থাকবে না, মাথায় নতুন চুলও গজাবে। তাই সবারই দিনে একবার হলেও আঙুর খাওয়া উচিত।

এমআই