লালমনিরহাটের আদিতমারী উপজেলায় চলন্ত ট্রেনের সামনে পড়ে খাদিজা বেওয়া(৩৮) নামে এক বিধবা গৃহবধু আত্নহত্যা করেছেন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে বুড়িমারী লালমনিরহাট রেলরুটের আদিতমারী লাল ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত খাদিজা বেওয়া উপজেলার ভাদাই ইউনিয়নের বড়াবাড়ি গ্রামের মৃত লাভলু মিয়ার বিধবা স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত বছর স্বামীর মৃত্যুর পর থেকে দুই মেয়ের লেখাপড়াসহ সংসারের খরচ মেটাতে মানসিক ভাবে ভেঙ্গে পড়েন খাদিজা। সকালে মেয়ের স্কুলে যাওয়ার কথা বলে বোরকা পড়ে বাড়ি থেকে বেড়িয়ে পড়েন।

কিন্তু বিদ্যালয়ে না গিয়ে লাল ব্রীজ এলাকায় বুড়িমারী থেকে পার্বতিপুর গামি একটি ট্রেনের সামনে লাইনে শুয়ে আত্নহত্যা করেন।

ভাদাই ইউপি সদস্য আব্দুল কাদের মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লালমনিরহাট রেলওয়ে (জিআরপি) থানা পুলিশকে খবর দেয়া হয়েছে।

নুরনবী/এএস