ঝিনাইদহে কালীগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৯জন নিহত এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ২০/২৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার বারবাজার নামক স্থানে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ঠিকানা জানা যায়নি।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, বাসটির সামনের এবং মাঝামাঝি অংশ দুমড়ে মুচড়ে গেছে। এটি ছিটকে রাস্তার একপাশে পড়ে আছে। আশেপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করছেন।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মামুনুর রশীদ এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আমরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটি উদ্ধারের চেষ্টা করছি। ঘটনাস্থলেই ৯ জন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতাল ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।” মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন ওই ফায়ার সার্ভিস কর্মকর্তা।

বারোবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন জানান, ঘটনাস্থলেই নারী-পুরুষ-শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এছাড়াও আহতদের হাসপাতালে পাঠানোর পথে আরও একজন মারা গেছেন। ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

এমবি