করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ২৬৬ জনে।
একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২৯১ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৪০ হাজার ২৬৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৬ হাজার ৭৬৭ জন।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় দেশের ২১০টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৩৯৭টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৮৭১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৮ লাখ ৩৫ হাজার ২১৬টি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ০৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক শূন্য ১০ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত ১৩ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব চারজন এবং ষাটোর্ধ্ব ছয়জন রছেছেন।
বিভাগওয়ারী হিসেবে মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সাতজন, চট্টগ্রামে দুইজন, রাজশাহীতে দুইজন, সিলেট এবং ময়মনসিংহ বিভাগে একজন করে মারা যান।
২০২০ সালের ০৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। আজ (১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত মোট মৃত্যু ৮ হাজার ২৬৬ জন। তাদের মধ্যে পুরুষ ৬ হাজার ২৫৯ জন (৭৫ দশমিক ৭২ শতাংশ) ও নারী ২ হাজার ৭ জন (২৪ দশমিক শূন্য ২৮ শতাংশ)।
এমবি





