গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সদ্য দায়িত্বপ্রাপ্ত পাঁচ মন্ত্রী ও প্রতিমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেছেন।
মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে  একসঙ্গে তারা পৃথক পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তারা ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

তারা হলেন— স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেজ ওসমান, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ও খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা প্রশাসক মো. খলিুলুর রহমান, পুলিশ সুপার এস এম এমরান হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তাফা, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বিএনপিনেত্রী খালেদা জিয়া আন্দোলনের নামে অনেক হুমকি-ধামকি দিয়েছেন, অনেক লম্ফ-ঝম্ফ দিয়েছেন, যে আন্দোলনে মানুষের অংশ গ্রহণ থাকে না, জনগণের ভূমিকা থাকে না, সে আন্দোলনে কোনো সফলতা থাকে না। উনি এ রকমই চিন্তা করেন, অনেক কিছুই স্বপ্ন দেখেন। আমাদের জনগণ এগুলো পছন্দ করেন না, জনগণই এটা প্রতিহত করবে।
তিনি বঙ্গবন্ধুর সাজাপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে বলেন, তাদের দেশে ফিরে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি সমুদ্রপথে মানবপাচারকারীদের পাচারকারী না বলে ‘প্রতারক’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এসব প্রতারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যারা জীবনের ঝুঁকি নিয়ে এ পথে পা বাড়ায় তারা যাতে আর না যায় সে বিষয়ে সচেতনতা বিষয়ক প্রচারণা চালান হবে। এ ছাড়া মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে যাতে অল্প টাকায় সহজেই কর্মসংস্থানের জন্য মানুষ যেতে পারে সে ব্যবস্থাও করা হবে। এ ক্ষেত্রে ‘সরকার টু সরকার’ এবং ‘ব্যবসায়ী টু ব্যবসায়ী’ ভিত্তিতে কাজ শুরু হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দুর্নীতি ও অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধ করা হবে। আমি ৯০ দিনের একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছি। আশা করি এর মধ্যেই পরিবর্তন দেখতে পাবেন।

এমএইচ