ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ ফেনীর ছয় উপজেলায় অবরোধকারীদের নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে ছাত্রলীগ-যুবলীগ। ফেনী জেলা আওয়ামী লীগের নেতৃত্বে ২৫টি ইউনিট ২৪ ঘণ্টা মহাসড়কে অবস্থান করছে। এসব ইউনিটের নেতৃত্ব দিচ্ছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও সভাপতি আবদুর রহমান বিকম।

রোববার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী, স্টার লাইন পেট্রোল পাম্প, মা-মনি পেট্রোল পাম্প, বিসিক শিল্প নগরী, পাগলা মিয়া সড়ক, মহিপাল, নজির আহম্মদ সিএনজি স্টেশন, লালপুল, কুমিল্লা বাসস্ট্যান্ড, সদর হাসপাতাল মোড়সহ ২৫টি ইউনিটে ৩০-৪০ জন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মী মাঠে রয়েছেন।

কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকারী জেলা যুবলীগ নেতা জানে আলম বাংলামেইলকে জানান, গত ১০ জানুয়ারি থেকে তারা মঠে রয়েছেন। রাত দিন ভাগ করে তারা মহাসড়কে অবস্থান করছেন।

সেন্ট্রাল হাইস্কুলের সামনে অবস্থানকারী ধলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন মুনশী জানান, নিজাম হাজারীর নেতৃত্বে তারা মাঠে রয়েছেন। এর ফলে নাশকতাকারীরা সুযোগ পাচ্ছে না। জনগণ নির্বিঘ্নে চলাচল করতে পারছে। যানবাহনও চলছে।

এ ব্যাপারে ফেনীর পুলিশ সুপার (এসপি) রেজাউল হক পিপিএম জানান, নাশকতা ঠেকাতে যে কেউ মাঠে থাকতে পারে। তবে এক্ষেত্রে সবার ভূমিকা হবে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা। এতে আইনি কোনো বাধা নেই। আইনশৃঙ্খলার অবনতি হওয়ারও কোনো সম্ভাবনা নেই।

ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম জানান, নাশকতাকারীদের প্রতিরোধ করতে আওয়ামী লীগের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের ২৫টি টিম মাঠে রয়েছে। নাশকতা বন্ধ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। কেন্দ্র থেকে ঘোষণা আসার আগেই তারা বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন।
জেআই