নারায়ণগঞ্জে ৭জনকে অপহরণের পর হত্যার ঘটনায় র‌্যাব-১১ এর সদস্যদের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
সোমবার র‌্যাব সদর দপ্তর ৪ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করে। কমিটিতে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) ড. আফতাব উদ্দিনকে প্রধান করা হয়েছে।
স্বল্প সময়ের মধ্যে অভিযুক্তদের বিষয়ে প্রতিবেদন কমিটি দেবে এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটির লিগ্যাল এন্ড মিডিয়া উইং।
উল্লেখ্য, সম্প্রতি নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সেভেন মার্ডারের ঘটনায় র‌্যাব সহায়তা করেছে বলে ভিকটিম প্যানেল মেয়র নজরুলের পরিবারের পক্ষে অভিযোগ তোলা হয়েছে।
রোববার নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম রাইফেল ক্লাবে সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, র‌্যাব নজরুল ইসলামকে তুলে নিয়ে হত্যা করেছে। এর জন্য আরেক কাউন্সিলর নূর হোসেনসহ কয়েকজনের কাছ থেকে ৬ কোটি টাকা নিয়েছেন র‌্যাবের কয়েকজন কর্মকর্তা।
সংবাদমাধ্যমকে শহীদ চেয়ারম্যান আরো বলেন, ২৭ মে দুপুরে যখন নজরুলকে দুটি গাড়িতে করে অপহরণ করা হয়, ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন আমাদের জানিয়েছেন, দুটি মাইক্রোবাসে করে ওদের তুলে নিয়ে যাওয়া হয়েছে।’ তারা আমাকে বলেন, র‌্যাব-১১ লেখা একটি গাড়ি সকাল থেকেই সেখানে ছিল।
শহীদুল বলেন, ‘সিদ্ধিরগঞ্জের আদমজীতে র‌্যাব-১১-এর সিও তারেক সাঈদের সঙ্গে সেদিন দেখা করতে গেলে সিও আমাকে কয়েক ঘণ্টা আটকে রেখে নানা রকম জিজ্ঞাসাবাদ করেন।’
[b]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]