চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে এক দম্পতিসহ ৩ জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় কমপক্ষে আরও ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (০১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কেরাণীহাটের উত্তরে নয়াখালের মুখ এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

হাইওয়ে পুলিশ সুপার (চট্টগ্রাম ও কুমিল্লা) পরিতোষ ঘোষ বলেন, নগরী থেকে সাতকানিয়ার ডলু ব্রিজ এলাকার দিকে যাচ্ছিল যাত্রীবাহী চ্যালেঞ্জার পরিবহনের বাসটি। নয়াখালের মুখ এলাকায় এসে ‍বাসটি বামদিক থেকে ডানদিকে চলে যায় এবং একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। বৃষ্টিতে পিচ্ছিল সড়কে বাসটি উল্টে যায়।

ঘটনাস্থলে থাকা হাইওয়ে পুলিশের দোহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে স্বামী-স্ত্রী দু’জন মারা যান। হাসপাতালে নেয়ার পর আরও এক পুরুষ মারা গেছেন। আহত  ৮ জনকে পৌরসভা সদরে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গিয়াস উদ্দিন (২৮) ও তার স্ত্রী নূরনাহার আক্তার নূরী (২৩) এবং উপজেলার মির্জাখীল বাংলাবাজার এলাকার আজিজুল ইসলাম (৫৫)।

গিয়াস উদ্দিনের নিকটাত্মীয় আহসানুল আলম খসরু জানান, ১৫ দিন আগে গিয়াস ও নূরীর বিয়ে হয়। নগরীতে গিয়াসের রিয়েল এস্টেটের ব্যবসা আছে। স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে ঈদুল আজহা উদযাপনের জন্য যাচ্ছিলেন গিয়াস।

ওসি মিজানুর রহমান বলেন, নিহত স্বামী-স্ত্রীর লাশ তাদের স্বজনরা দুর্ঘটনার পর বাড়িতে নিয়ে গেছে। আজিজুল ইসলামের লাশ আমাদের হেফাজতে আছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

মাসুম/এমবি