আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ সোমবার (০৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

ওইদিন বিকাল সাড়ে ৩টার দিকে বঙ্গভবনে মন্ত্রিপরিষদ সদস্যরা শপথগ্রহণ করবেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাদের শপথবাক্য পাঠ করাবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে তারিখটি ঠিক করা হয়। সব কিছু ঠিক থাকলে আগামী সোমবার বিকেল ৩টায় বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেবেন।  

আজ (০৩ জানুয়ারি) বিকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপ্রধান আবদুল হামিদ। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।  

এমবি