কুয়াকাটার লেবুরবনের সাগর মোহনায় মাটি চাপা দেওয়া একটি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেলে কাঁদায় মাথার দিকটা পুতে থাকা লাশটি স্থানীয় লোকজন দেখে পুলিশে খবর দেয়।

খাজুরা ফরেস্ট বিট অফিসার পলাশ চক্রবর্তী জানান, কুয়াকাটা অরকাপল্লী এলাকার লাল মিয়া ভূইয়ার স্ত্রী তাদের গরু লেবুরবনে দেখভাল করতে এসে লাশ দেখতে পান।

মাথার দিকটা মাটির মধ্যে পুতে থাকা অবস্থায় একটি পা দেখে তিনি আশেপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই কবির হোসেন জানান, অন্তত মাস খানেক আগে হত্যাকান্ডকে ধামাচাপা দিতেই বনের মধ্যে এ লাশ গুম করার চেষ্টা হয়েছিল। এটি কার লাশ তা সনাক্ত করা সম্ভব হচ্ছে না বলে পুলিশ জানিয়েছে।

মহিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মনিরুজ্জামান জানান, বৃষ্টির কারণে কাদামাটি ধুয়ে যাওয়ায় মাটি চাপা দেওয়া লাশের পা বের হয়ে আসে। লুঙ্গি দেখে ধারণা করা যায় এটি কোন পুরুষের লাশ। লাশটি বস্তাবন্দি পাওয়া যায় বলেও তিনি জানিয়েছেন।

কলাপাড়া থানার ওসি মোহাঃ আজিজুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান না করে এ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।

এমকে